দারুণ জয়ে বার্সেলোনা অধ্যায় শুরু করলেন রদ্রি
রদ্রির অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিল শিরোপাধারী বার্সেলোনা। অ্যাথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন ও পোস্ট বারবার বাধা হয়ে দাঁড়ালেও কাতালানদের আটকানো যায়নি। আক্রমণের বন্যা বইয়ে দিয়ে দুই অর্ধে একবার করে জালের দেখা মেলে দলটির।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ২-০ গোলে বিলবাওকে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধে রাফিনিয়া স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফারমিন লোপেজ।
নতুন মৌসুমে লিগের প্রথম ম্যাচে গত রোববার রাতে এলচের মাঠে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছিল বার্সা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেদিন খেলেননি ব্যালন দি’অর ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ফিট হয়ে ওঠায় বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয় তাকে। ৫৯ হাজার ৩২৬ জন দর্শকের সামনে ৬৩তম মিনিটে মার্ক বার্নালের বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লেখানো রদ্রি ক্যাম্প ন্যুতে এর আগে তিনটি ম্যাচ খেলেছিলেন— ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে। ক্লাব পর্যায়ে শেষবার তাকে এই মাঠে খেলতে দেখা গিয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। লা লিগার ওই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে অ্যাতলেতিকোকে ২-০ গোলে হারিয়েছিল বার্সা।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা