ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি
কয়েক দিন আগেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। অথচ সেই কেইনেরই জায়গা হলো না বছরের সেরা একাদশে! বিস্ময়কর এই সিদ্ধান্ত এসেছে তারই সতীর্থ ফুটবলারদের ভোটে।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে কেইন না থাকলেও জায়গা পেয়েছেন লিওনেল মেসি। আরও একবার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আক্রমণভাগে তার সঙ্গী কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও লামিন ইয়ামাল। তবে জায়গা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোরও।
সোমবার ২০২৬ সালের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। বিশ্বের ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলারের ভোটে নির্বাচিত হয়েছেন সেরা ১১ জন। দুই সপ্তাহ আগে প্রকাশ করা হয়েছিল ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা। সেখান থেকেই সতীর্থদের ভোটে চূড়ান্ত করা হয়েছে বর্ষসেরা একাদশ।
এই একাদশের সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে কেইনের অনুপস্থিতি। গত ২৬ অক্টোবর ব্যালন ডি’অর জিতেছিলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করেছিলেন তিনি। জিতেছিলেন বুন্দেসলিগার শিরোপাও। ইংল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। এমন অসাধারণ মৌসুম কাটানোর পরও সতীর্থ ফুটবলারদের ভোটে সেরা একাদশে জায়গা হয়নি তার।
- ট্যাগ:
- খেলা
- ব্যালন ডি’অর
- লিওনেল মেসি