ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু
গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনা থাকবে, তবে ঐক্য ভাঙা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। এই সরকার কোনো কারণে বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্বে টান পড়বে। কারণ, সামনে এই সরকারের কোনো বিকল্প নেই।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘১৮ বছরের চেষ্টার ফসল হচ্ছে গণতান্ত্রিক সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন গণহত্যাকারী নেত্রী, লুটপাটকারী নেত্রী নানামুখী উসকানি দিচ্ছেন এবং অর্থ বিনিয়োগের মধ্য দিয়ে এখানে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছেন।’
সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই ছয় মাসে বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে। সামনের দিনগুলোতে আরও অনেক কিছু পাবে। কৃষকের ভাবনার কথা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলেছেন। ইতোমধ্যে কৃষক ও ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আরও অনেক সামাজিক ও উন্নয়নমূলক সিদ্ধান্ত শুধু নেওয়া হয়েছে, তা কার্যকর করার পদক্ষেপও নেওয়া হয়েছে।