বিদেশে শ্রমিক পাঠানো কমেছে ৩৯%, এখনো নির্ভরতা সৌদি আরবে
জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের ওপর নির্ভরতা কমাতে পারেনি বাংলাদেশ; এর মধ্যে গেল ৬ মাসে বিদেশে লোক পাঠানো কমেছে প্রায় ৩৯ শতাংশ।
আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার খোলার নানা তৎপরতার পরেও এই বাজারটি এখনো বন্ধই রয়েছে। ওমানের মতো একসময়ের জনপ্রিয় শ্রমবাজার নিয়েও তেমন কোনো ‘সুখবর’ নেই।
ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসা বিএনপি সরকার ছয় মাসে পা দিয়েছে গেল সোমবার। সরকারের প্রথম ছয় মাসে বন্ধ থাকা কোনো শ্রমবাজার নতুন করে চালু করা সম্ভব হয়নি। ফলে ঘুরেফিরে হাতেগোনা কয়েকটি দেশেই কর্মী পাঠাচ্ছেন জনশক্তি রপ্তানিকারকরা।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, এই সরকারের ৬ মাস সময়ে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিকের অর্ধেকেরও বেশি, প্রায় ৫১ শতাংশই গেছেন সৌদি আরবে। অনেক বছর ধরেই পশ্চিম এশিয়ার এই দেশটি বাংলাদেশি শ্রমিকদের প্রধান গন্তব্য।
এদিকে সম্প্রতি খোলার আলোচনায় আসা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলতি মাসের শেষ দিকে ‘কিছু খবর’ পাওয়া যেতে পারে বলে ভাষ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার। অন্যদিকে, বন্ধ ও নতুন শ্রমবাজার খোলার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- জনশক্তি রপ্তানি