মিছিলের মাইলেজে চেয়ারম্যানের চেয়ার

জাগো নিউজ ২৪ চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১৮:০৫

দীর্ঘ পনেরো বছর পর ক্ষমতায় এসে বিএনপি সত্যিই একটি ঐতিহাসিক সংস্কার করেছে। এতদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে অনুগত আমলাদের বসানোর যে পুরোনো, সেকেলে, আমলাতান্ত্রিক রীতি ছিল, সেটিকে তারা সাহসের সঙ্গে ভেঙে দিয়েছে। এবার আর ঘুরপথ নয়। সরাসরি দলের নেতারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাল ধরছেন। একে বলে স্বচ্ছতা। যাকে বসানো হবে, তাঁর পরিচয় নিয়ে অন্তত কারও বিভ্রান্তি থাকবে না। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় এটিও কম অর্জন নয়। অনেকটা আমেরিকার রাজনৈতিক নিয়োগব্যবস্থার মতো। পার্থক্য শুধু, সেখানে একে বলে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট, আর এখানে মনে হচ্ছে একে বলা যেতে পারে রাজনৈতিক পুনর্বাসনের সর্বজনীন কর্মসূচি।


জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার এখন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক। এতে বিস্ময়ের কী আছে? এতদিন শ্রমিকদের রাজনীতি করেছেন, এবার শ্রমিকদের রাষ্ট্রীয় অভিভাবক। একে বলে কর্মজীবনের স্বাভাবিক পদোন্নতি। জীবনবৃত্তান্তে ধারাবাহিকতা থাকাটাও তো একটি গুণ।


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক এখন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। আন্তর্জাতিক কূটনীতি থেকে আন্তর্জাতিক শ্রমবাজার। পৃথিবী গোল বলেই মানুষ একদিন না একদিন গন্তব্যে পৌঁছে যায়।


কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এখন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান। বন নিয়ে যাঁর এতদিন রাজনৈতিক মমতা ছিল, তিনি এবার গাছেরও অভিভাবক। আশা করা যায়, অন্তত বন আর সংগঠনের মধ্যে দূরত্ব থাকবে না।


সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান। ধর্ম থেকে নদী। আধ্যাত্মিকতা থেকে নৌপথ। রাজনীতি যে আসলে সব স্রোতকে এক জায়গায় মিলিয়ে দিতে পারে, এটি তারই প্রমাণ। একে হয়তো বলা যায় সর্বধর্ম সমন্বয়ের জলপথ সংস্করণ।


জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল এখন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব। রংপুরের সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক এখন ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান। রাজনীতিতে এতদিন সংগঠন গড়েছেন, এবার ইস্পাত গড়বেন। রাজনীতি মানুষকে সত্যিই বহুমুখী করে তোলে।


জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরূজ এখন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান। এতদিন রাজনীতির তিক্ততা সামলেছেন, এবার রাষ্ট্রীয় চিনির মিষ্টতা সামলাবেন। অভিজ্ঞতার ধারাবাহিকতা বলেই তো একে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও