দুই মিনি সিরিজে সামিরা খান মাহি
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের দুটি মিনি সিরিজে দেখা যাবে তাঁর অভিনয়। সিরিজ দুটি শিগগির প্রকাশ পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
কর্মফল ধারাবাহিকটি নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পে নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ।
অন্যদিকে মায়ার সংসার বানিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। এ বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে এই নির্মাতা বানিয়েছিলেন মিনি সিরিজ ‘চেনা অচেনা’। তবে মায়ার সংসার নাটকে আর কে কে থাকছেন তা নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না মাহি। জানালেন শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বিস্তারিত।