কক্সবাজারে রাতের আঁধারে সমুদ্রের বালি চুরি
অবৈধভাবে পাইপ লাইন তৈরি করে বিশেষ মেশিন বসিয়ে গোপনে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বালি উত্তোলন করছিল একটি চক্র। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে (৮ আগস্ট) ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসনের পর্যটন শাখার একটি টিম।
কলাতলী এলাকার সৈকতের দক্ষিণাংশে ভাঙ্গার মোড় সংলগ্ন অবৈধ বালি উত্তোলনের সেই স্থানে জড়িত কাউকে না পাওয়া গেলেও বিপুল পরিমাণ জিও ব্যাগ, বালি উত্তোলনের মেশিন, বড় আকৃতির পাইপসহ বিভিন্ন আলামতের হদিস পাওয়া গেছে।
পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মোহাম্মদ মাহমুদুর রহমান সায়েম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় কিছু যুবকের তথ্যের ভিত্তিতে তাদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। সৈকতের বালিয়াড়ির অদূরে একটি ভবনে পানির পাইপ লাইন বসিয়ে বালিগুলো নেওয়া হচ্ছিল যেখানে বিপুলপরিমাণ জিও ব্যাগ পাওয়া গেছে।
তিনি আরও জানান, তিনজন বিচকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে, আলামতগুলো জব্দের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।