ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
নগর গণপরিবহন আধুনিকায়ন ও কার্বন নির্গমন কমানোর পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ও চীন থেকে ৪ হাজার ৫৮৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৮০০টি বৈদ্যুতিক বাস (ই-বাস) কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার।
২০২৯ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে দুটি প্রাথমিক প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
একটি প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ৩০০টি সিঙ্গেল ডেকার বৈদ্যুতিক বাস কেনার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চীনের ঋণে আরও ৫০০ ই-বাস ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান প্রতিটি বৈদ্যুতিক বাসের মূল্য ধরা হয়েছে ৪.৬১ কোটি টাকা, যা চীনের বাসের প্রস্তাবিত মূল্যের প্রায় ১.৮ গুণ। চীন থেকে প্রস্তাবিত প্রতিটি বাস ২.৪৬ কোটি টাকায় কেনার প্রস্তাব দিয়েছে বিআরটিসি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, সরকার প্রায় ১ হাজার ৪০০ ই-বাস কেনার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ৫০০টি চীন, ৩০০টি দক্ষিণ কোরিয়া ও বাকি ৪০০ বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় কেনা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইলেক্ট্রিক গাড়ি