গুগল আর্থে এআই ছবি তৈরির ফিচার, চালুর একদিনেই বন্ধ
গুগল আর্থে নতুন একটি এআই ফিচার চালুর মাত্র একদিনের মাথায় তা বন্ধ করে দিয়েছে গুগল। গত ৩০ জুলাই ফিচারটি চালু হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল আর্থের স্যাটেলাইট, এরিয়াল ও থ্রিডি ছবির ওপর ভিত্তি করে টেক্সট প্রম্পট দিয়ে নতুন ছবি তৈরি করতে পারতেন। ন্যানো বানানা ২ মডেল দিয়ে চালিত এই টুল সম্পর্কে গুগলের দাবি ছিল, এটি শিক্ষার্থীদের ইতিহাস কল্পনা করতে বা রিয়েল এস্টেট প্রকল্প দেখাতে কাজে লাগবে।
কিন্তু ফিচারটি চালুর পরপরই এর অপব্যবহারের প্রমাণ মিলতে শুরু করে। ওপেন সোর্স গবেষক হেঙ্ক ভ্যান এস পরীক্ষা করে দেখেন, মেক্সিকো সীমান্তে শরণার্থী, ইরানের পারমাণবিক কেন্দ্র, এমনকি গাজায় বোমা হামলার পর হাসপাতালের মতো স্পর্শকাতর বিষয়েও এআই কোনো বাধা ছাড়াই ছবি তৈরি করে দিয়েছে। এনপিআর ও বিবিসির প্রতিবেদনে উঠে আসে আইফেল টাওয়ার ধসে পড়া কিংবা গিজার পিরামিড সিঙ্কহোলে তলিয়ে যাওয়ার মতো বানোয়াট ছবিও।