শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই, সেখানকার আলোচনা সমর্থনও করে না: জয়সোয়াল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বেসরকারি মঞ্চে যুক্ত হয়ে কথা বলা বা সেখানে কোনো রকম মনোভাব প্রকাশের সঙ্গে ভারত সরকারের কোনো সংস্রব নেই। ওই জাতীয় ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনো লেনাদেনাও নেই। দিল্লিতে শেখ হাসিনার আগামীকালের (বুধবার) সম্ভাব্য অনুষ্ঠান নিয়ে ভারত সরকারের বক্তব্য এটাই। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র সরকারের এই অবস্থান তুলে ধরেন।
প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, যে অনুষ্ঠান ও মতবিনিময়ের প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, তার আয়োজক একটি বেসরকারি মিডিয়া সংস্থা। ওই অনুষ্ঠান বা আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই। কোনো লেনাদেনাও নেই। এ প্রসঙ্গে জয়সোয়াল আরও বলেন, এই ধরনের অনুষ্ঠানে যে ধরনের মনোভাব প্রকাশ করা হয় বা হতে পারে, যা কিছু বলা হতে পারে, সরকার তা অনুমোদনও করে না।
একই প্রশ্নের হিন্দি জবাবে ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ‘লেনাদেনা’ না থাকার বিষয়টির উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেখানে যা কিছু বলা হয় বা হতে পারে, সরকার তা ‘সমর্থন করে না’। এর সঙ্গে সরকারের কোনো ‘রিস্তা’ বা সম্পর্কও নেই।
- ট্যাগ:
- রাজনীতি
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান