সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়?
পর্যাপ্ত ঘুমানোর পরও যদি দিনের বেশির ভাগ সময় ঘুম ঘুম লাগে, তাহলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। অনেকেই এটিকে অলসতার লক্ষণ মনে করলেও চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত তন্দ্রা ভাবের পেছনে জীবনযাপনের অভ্যাসের পাশাপাশি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যাও দায়ী থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ঘুম শুধু শারীরিক পরিশ্রমের ফল নয়। দীর্ঘ সময় একটানা বসে কাজ করা, একই ধরনের একঘেয়ে কাজে ব্যস্ত থাকা, নিয়মিত শরীরচর্চা না করা কিংবা রাতের শিফটে কাজ করার কারণে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ নষ্ট হতে পারে। এর প্রভাব পড়ে দিনের বেলায়, ফলে বারবার ঘুম ঘুম ভাব দেখা দেয়।
শরীরের হরমোনের পরিবর্তনও এ সমস্যার একটি গুরুত্বপূর্ণ কারণ।
বিশেষ করে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়। এতে ক্লান্তি, অবসাদ এবং অতিরিক্ত ঘুমের প্রবণতা বাড়তে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বা কমে গেলে শরীরে দুর্বলতা তৈরি হয়, যার সঙ্গে তন্দ্রাভাবও যুক্ত হতে পারে।