পানি নামলেও কাটেনি দুর্ভোগ, ঘরহারা মানুষের সামনে টিকে থাকার নতুন লড়াই
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের পর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। অনেক মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে ফিরলেও দুর্ভোগ শেষ হয়নি। তাদের সামনে অপেক্ষা করছে নতুন বাস্তবতা।
কোথাও ধসে গেছে বসতঘর, কোথাও কাদায় ভরে গেছে ঘরের ভেতর। নষ্ট হয়েছে ফসল, মাছের ঘের, সড়ক ও বিভিন্ন অবকাঠামো। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য ও প্রয়োজনীয় ওষুধের সংকটে এখনো মানবেতর জীবন কাটাচ্ছে হাজারো মানুষ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত দেশের ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ গেছে ৫৭ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৯ হাজার ৪১১ মানুষ, পানিবন্দি পরিবারের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩১১। বর্তমানে পানি নামলেও লাখো মানুষের সামনে এখন ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার কঠিন লড়াই।