চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন ও রাশিয়া
চীনের উপকূলীয় শহর চিংদাওয়ের জলসীমা ও আকাশসীমায় আগামী সপ্তাহে যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়ার নৌবাহিনী।
রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মহড়া শেষ হওয়ার পর উভয় পক্ষের কিছু বাহিনী যৌথ সামুদ্রিক টহলের পরিচালনা করতে প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকাগুলোর দিকে অগ্রসর হবে।”
এটি একটি বার্ষিক মহড়া উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এর লক্ষ্য।”
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি কর্ভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে ছিংদাও উপকূলে পৌঁছেছে।
৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বার্ষিক মহড়া
- চীন-রাশিয়া