ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে হারথা বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ) শনিবার জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইনে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইরাকের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রথম দিকের প্রতিবেদনে বলা হয়েছিল, এ ঘটনায় অন্তত দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। পরে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স নিহতের সংখ্যা চার বলে জানায়।