অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
ম্যাচ শুরুর বাঁশি বাজতেই যে আক্রমণের ঝড় শুরু করল স্পেন, তা চলল একেবারে শেষ পর্যন্ত। ঘর সামলানোর শত চেষ্টা করেও, কিছু করতে পারল না অস্ট্রিয়া। মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে অনায়াস জয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে পরের ধাপে পা রাখল লুইস দে লা ফুয়েন্তের দল।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাদের আরেক গোলদাতা পেদ্রো পররো।
স্পেনের প্রথম গোলের পর, বাকিটা সময় লড়াই আরও একপেশে হয়ে পড়ে। সত্যিকার অর্থে, এক মুহূর্তের জন্যও ফল নিয়ে কোনো অনিশ্চয়তা জাগাতে পারেনি ৭২ বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠা অস্ট্রিয়া, ম্যাচের পরিসংখ্যানেও সেটা স্পষ্ট।
প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার পাঁচ প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে।
২০০৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের পর, প্রথম ইউরোপিয়ান দল হিসেবে প্রতিযোগিতাটির কোনো আসরে প্রথম চার ম্যাচেই জাল অক্ষত রাখতে পারল স্পেন। কেইপ ভার্ডের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর, টানা তিন জয়ের পথে কোনো গোল না খেয়ে আটটি করল তারা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬