রোনালদো-রামোসের গোলে ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে শেষ ষোলোতে পর্তুগাল
প্রথমার্ধে ম্যাড়মেড়ে লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে এগিয়ে গিয়েছিলো ক্রোয়েশিয়া। বিদায়ের শঙ্কার মাঝে পর্তুগালের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে আনেন সমতা। এই স্কোরলাইন রেখে অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচে যোগ করা সময়ে তৈরি হলো চরম নাটকীয়তা। সেখানে গনসালো রামোসের বাজিমাতের পর ক্রোয়েশিয়ার আত্মঘাতী গোল পাওয়া ও ভিএআরে তা বাতিল হওয়া নিয়ে ছড়ালো উত্তাপ। শেষ পর্যন্ত লুকা মদ্রিচদের হৃদয় ভেঙে শেষ ষোলোতে পা রাখল রোনালদোর পর্তুগাল।
টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ৫৩ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করেন পেরিসিচ। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন রোনালদো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোল আসে রামোসের কাছ থেকে। যোগ করা সময়ে খেলা হয়েছে ১৯ মিনিট, ম্যাচের সবচেয়ে বেশি উত্তাপ ছিল ওই সময়টাতেই।
প্রথমার্ধে পর্তুগাল ৬৭ শতাংশ বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য দেখালেও ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৪ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেসের জোড়া প্রচেষ্টা রুখে দেন ক্রোয়েশিয়ান প্রাচীর দমিনিক লিভাকোভিচ। ১৭ মিনিটে রেনাতো ভেইগার হেড বারের সামান্য ওপর দিয়ে চলে গেলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্রপট। ম্যাচের ধারার বিপরীতে ৫৩ মিনিটে স্তানিসিকের ক্রসে বাঁ দিক থেকে দারুণ এক চিপে পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তাকে পরাস্ত করেন ইভান পেরিসিক। উল্লাসে ফেটে পড়ে গ্যালারির ক্রোয়েশিয়ান সমর্থকেরা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে রবার্তো মার্তিনেসের দল। ৫৮ মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে এলে কপাল পোড়ে পর্তুগালের। এর ৩ মিনিট পর ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬