মেকারফিল্ডের রায়: লেবারের নেতৃত্বে কী নতুন অধ্যায়?

জাগো নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড ফারুক যোশী প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১৬:০৪

ব্রিটেনের রাজনীতিতে বহু আলোচিত ছিল মেকারফিল্ড উপ-নির্বাচন। বৃহস্পতিবার এ নির্বাচন হয়েছে । মেকারফিল্ড উপ-নির্বাচনের ফলাফলকে কেবল একটি শূন্য আসন পূরণের নির্বাচন হিসেবে দেখলে ভুল হবে। গণতান্ত্রিক রাজনীতিতে এমন কিছু নির্বাচন আসে, যা সংখ্যার চেয়ে অনেক বড় বার্তা বহন করে। মেকারফিল্ডের উপ-নির্বাচন ছিল তেমনই একটি রাজনৈতিক মুহূর্ত—যেখানে ভোটাররা শুধু একজন সংসদ সদস্য নির্বাচন করেননি; বরং লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব, সরকারের কর্মদক্ষতা এবং দেশের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন।


গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের এমপি হিসেবে বিজয় তাই নিছক একটি নির্বাচনি সাফল্য নয়। এটি ব্রিটিশ রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা কিংবা দাবির প্রতিফলন। এমন এক সময়ে এই ফল এসেছে, যখন ক্ষমতায় থাকা লেবার সরকার নানা প্রশ্নের মুখোমুখি। অর্থনৈতিক স্থবিরতা, ন্যাশনাল হেলথ সার্ভিসের দীর্ঘ সংকট, অভিবাসন নীতি ঘিরে জনঅসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার মান নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। ভোটারদের একাংশের কাছে মনে হয়েছে, শুধু সরকার পরিবর্তন নয়; প্রয়োজন নেতৃত্বের ধরন ও নীতিরও পরিবর্তন।


এই উপ-নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল আসনটির সাবেক এমপি জশ সাইমন্স’র স্বেচ্ছা পদত্যাগ। শুধু জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেতাকে দেশের আগামী নেতৃত্বে নিয়ে আসার প্রত্যয়ে সাবেক এমপি সাইমনের পদত্যাগ করার এমন সিদ্ধান্ত সংসদীয় রাজনীতিতে বিরল। এর মাধ্যমে তিনি কার্যত একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন—ক্ষমতা ধরে রাখার চেয়ে দেশের জন্য কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা অধিক গুরুত্বপূর্ণ। সেই সুযোগেই অ্যান্ডি বার্নহাম ওয়েস্টমিনস্টারে ফিরে আসেন এবং ভোটাররাও তাঁকে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী করে সেই রাজনৈতিক বার্তাকে সমর্থন জানান।


ভোটের ফলাফলও সেই বার্তাকেই আরও জোরালো করেছে। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত ‘রিফর্ম ইউকে’র শক্ত অবস্থানের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত অ্যান্ডি বার্নহাম প্রায় নয় হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়কে ব্রিটিশ সংবাদমাধ্যমের বড় একটি অংশ ‘স্টারমারের নেতৃত্বের ওপর গণরায়’ এবং ‘পরিবর্তনের পক্ষে ভোট’ হিসেবে ব্যাখ্যা করছে। বার্নহামের বিস্ময়কর জয় প্রমাণ করে, জনমতের ভেতরে আরেকটি প্রবল স্রোত কাজ করছে। সেটি হলো—লেবারকে প্রত্যাখ্যান নয়, বরং আরও কার্যকর, দৃঢ় ও জনমুখী লেবার নেতৃত্বের প্রত্যাশা।


অ্যান্ডি বার্নহাম দীর্ঘদিন স্থানীয় সরকার পরিচালনায় বাস্তবমুখী রাজনীতির পরিচয় দিয়েছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত নেতৃত্ব তাঁকে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। সে কারণেই তাঁর প্রতি সমর্থনকে অনেকেই ব্যক্তিনির্ভর জনপ্রিয়তা হিসেবে নয়, বরং নীতি ও নেতৃত্বের বিকল্প মডেলের প্রতি সমর্থন হিসেবে দেখছেন।


অন্যদিকে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও নেতৃত্বের প্রশ্নে পিছিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি। ফলে লেবার পার্টির ভেতরে এখন যে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়েছে, তা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার লড়াই নয়; বরং দলটি আগামী বছরগুলোতে কোন রাজনৈতিক দর্শন ও কোন কৌশল নিয়ে এগোবে, সেই প্রশ্নেরও মীমাংসা।


ব্রিটেনের গণমাধ্যমে এখন একটি শব্দই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে—‘রিসেট’। অর্থাৎ, সরকারকে নতুনভাবে শুরু করতে হবে। সেই পুনর্গঠনের আলোচনায় অ্যান্ডি বার্নহাম ক্রমেই একটি প্রতীকে পরিণত হচ্ছেন। তিনি নিজেও ইতোমধ্যে অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। যদিও পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশে তিনি সময় নিচ্ছেন, তবু তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট—রাষ্ট্রের জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন, অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন পথ খোঁজা এবং জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও