ডিজিটাল দক্ষতার বিশ্ববাজারে বাংলাদেশ কোথায় দাঁড়াবে?
বাংলাদেশের অর্থনীতির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো—আগামী দিনের কর্মসংস্থান কোথায়? তৈরি পোশাক খাত এখনো আমাদের রপ্তানি অর্থনীতির প্রধান ভিত্তি। প্রবাসী আয়ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু জনসংখ্যার কাঠামো বদলাচ্ছে, তরুণদের কর্মসংস্থানের চাপ বাড়ছে, আর বিশ্ব অর্থনীতিও দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এমন এক সময়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা বা আইটিএস খাত বাংলাদেশের জন্য শুধু একটি সম্ভাবনাময় শিল্প নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যে সম্ভাবনার কথা উঠে এসেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। তাঁর মতে, বর্তমানে দেশে বিপিও ও আইটিএস খাতের বাজার প্রায় ১ বিলিয়ন ডলার। ফ্রিল্যান্সিংসহ সংশ্লিষ্ট খাত মিলিয়ে এর পরিধি প্রায় দেড় বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে এই বাজার ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব এবং কর্মসংস্থান প্রায় ১ লাখ থেকে ৩ লাখে উন্নীত হতে পারে।