৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
উদ্বোধনী আসরে প্রথম দুই ম্যাচে জয়, তারপর থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টানা জয় আর ধরা দিচ্ছিল না কিছুতেই। অবশেষে ঘরের মাঠে ফুরাল দীর্ঘ অপেক্ষা। অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে উঠল মাওরিসিও পচেত্তিনোর দল।
সিয়াটলে শুক্রবার যুক্তরাষ্ট্রের জয় ২-০ গোলে। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান অ্যালেক্স ফ্রিম্যান।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। প্রথম রাউন্ডে হারা তুরস্ক ও প্যারাগুয়ে দিনের পরের দিকে মুখোমুখি হবে।
১৯৩০ সালে উদ্বোধনী আসরের পর এই প্রথম বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিততে পারল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে চলতি আসর শুরু করে তারা।
চোটের কারণে তারকা উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিককে এই ম্যাচে তারা পায়নি। সেই অভাব ঝুঝতে দেননি অন্যরা। ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬