দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডাচদের রুখে দিল জাপান
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না নেদারল্যান্ডস। হার না মানা মানসিকতায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে, মূল্যবান একটি পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান।
ডালাসে রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।
পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজেশন রাখার পাশাপাশি আক্রমণের বিচারেও বেশিরভাগ সময় পিছিয়ে ছিল এশিয়ার দলটি; তবে শেষ দিকে সমতায় ফিরতে খুব চেষ্টা করে তারা, তাতে সাফল্যও ধরা দেয়।
দুই দলই গোলের জন্য ১০টি করে শট নেয়; নেদারল্যান্ডস লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।
শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় ডাচরা। তৃতীয় মিনিটে তারা গোলও পেতে পারতো। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শরীরটা ঘুরিয়ে বুলেট গতির শট নেন ডোনিয়েল মালেন, বল সোজাসুজি আসলেও কোনোমতে বাইরে পাঠান গোলরক্ষক।