ঈদের আনন্দের মধ্যেই সড়কে ১৬ প্রাণহানি, ১০ জনই মোটরসাইকেল আরোহী
ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে অন্তত ১৬ প্রাণ। তাঁদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধু নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ বাসে ঢাকায় ফিরছিলেন। নিহতদের মধ্যে ১০ জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।
গোপালগঞ্জে নিহত ৫
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), একই উপজেলার গোলাগ্রামের মাহাবুব শেখের ছেলে সোয়াইব শেখ ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আবদুল খালেকের মেয়ে খাদিজা খাতুন।
পুলিশ সুপার জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলে দুই আরোহী ও বাসের দুই যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ৬ বছরের এক শিশুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ জেলায় মোটরসাইকেলের ৮ আরোহী নিহত
ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী ও নড়াইলে আটজন নিহত হয়েছেন। তাঁরা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।
পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মো. ফয়সাল হাওলাদার (১৬) ও তামিম মাতুব্বর (১৬)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনা