বাধ্যতামূলক অবসর-বদলি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ
বাধ্যতামূলক অবসরে পাঠানো, আগের কাজের জন্য শাস্তি পাওয়া এবং বদলি ও পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় আছেন পুলিশের অনেক কর্মকর্তা। কর্মকর্তাদের অনেকে বলছেন, এমন সিদ্ধান্ত নিতে তারা এখন দ্বিধায় পড়ছেন, যার কারণে ভবিষ্যতে তাদের রাজনৈতিক বিতর্কে জড়ানোর আশঙ্কা থাকতে পারে।
পরিদর্শক থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কয়েক ডজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে পুলিশের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে এই উদ্বেগ বেশি।
তারা বলছেন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা বেআইনি কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাদের রক্ষা করার প্রশ্ন নেই। তবে তাদের ভয়, কোনো কর্মকর্তার পেশাগত সিদ্ধান্ত, আগের পদায়ন বা রাজনৈতিক সম্পৃক্ততার ধারণাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে ব্যবহার করা হতে পারে। অথচ ওই কর্মকর্তার ব্যক্তিগত দায় যথাযথভাবে প্রমাণিত নাও হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক পরিদর্শক বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো রাজনৈতিক ঘটনায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে আমাদের এখন দশ বার ভাবতে হয়। সরকার বদলে গেলে কী হবে? আমাদেরও কি জোর করে অবসরে পাঠানো হবে বা পরে শাস্তি দেওয়া হবে? তখন কি কেউ আমাদের পাশে দাঁড়াবে?