বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এর মাঝেই বড় এক ইনজুরির শঙ্কায় পড়েছেন লিওনেল মেসি। গত রবিবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠ ছেড়ে যান আর্জেন্টিনার এই সুপারস্টার।
মায়ামির বৃষ্টিভেজা নু স্টেডিয়ামে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ পায়ের পেছনের অংশ চেপে ধরে মাঠ ছাড়ার ইশারা করেন মেসি। এরপরই তাঁকে তুলে নেওয়া হয়। অবশ্য মাঠ থেকে সরাসরি টানেলে যাওয়ার সময় ৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকরকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে। ম্যাচটিতে ফিলাডেলফিয়াকে ৬-৪ ব্যবধানে হারিয়েছে মায়ামি।
ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ গুইলার্মো হোয়োস জানান, মেসির ইনজুরি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না। তবে মাঠের কন্ডিশনের কারণে সতর্কতা হিসেবেই তাঁকে তুলে নেওয়া হয়েছে।