হার্টের রিং ও কিডনি যন্ত্রাংশে ভ্যাটমুক্তি, ধূমপায়ী-মদ্যপদের চাপ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:১৬
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে যেমন করজাল বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, তেমনি জনস্বার্থ বিবেচনায় শুল্ক-কর অব্যাহতি দেওয়ার বড় প্রস্তাব রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিম্ন ও মধ্যবিত্তদের জটিল রোগের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিংয়ের ভ্যাট মওকুফ ও কিডনি রোগীদের ডায়ালাইসিস সরঞ্জামে ভ্যাট অব্যাহতি দেওয়ার সুপারিশ রাখা হয়েছে। ফলে আসন্ন অর্থবছরে জটিল এই রোগগুলোর চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে জানা গেছে।
সুখবর রয়েছে ব্যাংকগ্রাহকদের জন্যও। ব্যাংকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেন ও ঋণের ওপর আবগারি শুল্ক অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। পাশাপাশি গণপরিবহন হিসেবে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি আগামী অর্থবছরেও বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।