সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।
এক্সবার্তায় মোঘাদাম বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুধ বাঁধার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এ যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধাবসানের জন্য গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান সেটি প্রত্যাখ্যান করার পর চলতি এপ্রিলের শুরুর দিকে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়।