ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তু এবার ইরানের পরিবহন ব্যবস্থা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৪১
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। ইসরায়েল ইরানের পরিবহন অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে, আর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা ইরানের বিভিন্ন পরিবহন রুটে বড় পরিসরের হামলা চালিয়েছে। ইরানের তেল উৎপাদনকারী খারগ দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন রেললাইন ও সড়ক অবকাঠামোতেও হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তাবরিজ-তেহরান মহাসড়কের কাছে একটি হামলায় দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া কাশানের ইয়াহিয়াবাদ রেলসেতু এবং কোম প্রদেশের কয়েকটি সেতুও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।