ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত
শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরব কর্মকর্তারা এমনটা জানিয়েছেন। এ পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ, যারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আমিরাতে বিভিন্ন মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান।
কর্মকর্তারা বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপের বৈধতা পেতে আরব আমিরাত বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের জন্য তদবির করছে।
আমিরাতের এক কর্মকর্তা জানান, তাঁদের কূটনীতিকেরা যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে শক্তি প্রয়োগ করে প্রণালিটি সচল রাখা যায়। ওই কর্মকর্তা আরও বলেন, ইরান মনে করছে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং এ জন্য তারা হরমুজ প্রণালি অবরুদ্ধ করে বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতেও প্রস্তুত।