পুলিশ সংস্কার এবং জিয়ার দূরদর্শী নেতৃত্ব
বাংলাদেশের রাষ্ট্রগঠন ও উন্নয়ন যাত্রার ইতিহাসে জিয়াউর রহমান এমন এক নেতা, যিনি শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না; বরং একটি কার্যকর, শৃঙ্খলাবদ্ধ এবং উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ দূরদর্শিতা প্রদর্শন করেছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ যখন একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে প্রশাসনিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার দুর্বলতায় ভুগছিল, তখন একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন ছিল এমন একটি প্রশাসনিক কাঠামো, যা একইসঙ্গে দক্ষ, সুশৃঙ্খল ও জনগণমুখী। এ বাস্তবতার প্রেক্ষাপটে জিয়াউর রহমান উন্নয়ন প্রশাসনের ধারণাকে নতুনভাবে বিনির্মাণ করেন এবং এর একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসাবে পুলিশ প্রশাসনের সংস্কার ও পুনর্গঠনকে অগ্রাধিকার দেন।
উন্নয়ন প্রশাসনের মূল লক্ষ্য কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়; বরং একটি নিরাপদ, স্থিতিশীল এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। এ লক্ষ্য পূরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে কোনো উন্নয়ন কর্মসূচিই টেকসই হতে পারে না। ফলে তিনি পুলিশ বাহিনীকে কেবল অপরাধ দমনকারী প্রতিষ্ঠান হিসাবে না দেখে, বরং রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ হিসাবে বিবেচনা করেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে নানা সীমাবদ্ধতা ছিল। প্রশিক্ষণের অভাব, সরঞ্জামের ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা এবং শৃঙ্খলার অবনতি-এসব সমস্যা বাহিনীর কার্যকারিতা কমিয়ে দিয়েছিল। এ পরিস্থিতিতে জিয়াউর রহমান প্রথমেই পুলিশ প্রশাসনের কাঠামোগত সংস্কারের দিকে মনোযোগ দেন। তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, যেখানে পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন, পেশাগত দক্ষতা অর্জনে আগ্রহী হবেন এবং জনগণের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। তার উদ্যোগে প্রশিক্ষণব্যবস্থার উন্নয়ন, দায়িত্ব বণ্টনের স্বচ্ছতা এবং প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু হয়।
বাংলাদেশে নগরায়ণ দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। রাজধানী ঢাকায় জনসংখ্যার ঘনত্ব, যানবাহনের চাপ এবং অপরাধের ধরন দ্রুত বদলে যাচ্ছিল। এ প্রেক্ষাপটে জিয়াউর রহমান একটি বিশেষায়িত নগর পুলিশিং ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং প্রতিষ্ঠা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এটি ছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন। মহানগরভিত্তিক এ পুলিশ কাঠামো শহরের জটিল সমস্যাগুলো মোকাবিলায় বিশেষভাবে কার্যকর প্রমাণিত হয়। ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ নতুন কাঠামো একটি আধুনিক দৃষ্টিভঙ্গির সূচনা করে।
তবে জিয়াউর রহমানের সবচেয়ে দূরদর্শী উদ্যোগগুলোর একটি ছিল পুলিশ বাহিনীর মধ্যে অধিকতর শৃঙ্খলা ও রেজিমেন্টেশন প্রতিষ্ঠার লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গঠন। তিনি উপলব্ধি করেছিলেন, প্রচলিত পুলিশিং পদ্ধতির পাশাপাশি এমন একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন, যা কঠোর শৃঙ্খলা, দ্রুত প্রতিক্রিয়া এবং সংগঠিত অপারেশন পরিচালনায় সক্ষম হবে। এপিবিএন সেই প্রয়োজন থেকেই জন্ম নেয়। এপিবিএনকে সামরিক ধাঁচে সংগঠিত করা হয়। এর ব্যাটালিয়ন কাঠামো, কমান্ড চেইন, প্রশিক্ষণ পদ্ধতি এবং অপারেশনাল কৌশল সবকিছুতেই একটি আধা-সামরিক শৃঙ্খলা প্রতিফলিত হয়। প্রতিটি ব্যাটালিয়ন নির্দিষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন হওয়ার সক্ষমতা রাখে। এ কাঠামো পুলিশ বাহিনীর মধ্যে একটি নতুন মাত্রা যোগ করে; যেখানে দক্ষতা, শৃঙ্খলা এবং সংগঠিত শক্তি একসঙ্গে কাজ করে।
স্বাধীনতা-পরবর্তী সময়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, চরমপন্থি কার্যক্রম এবং সন্ত্রাসী তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এ পরিস্থিতিতে এপিবিএন একটি কার্যকর প্রতিরোধ শক্তি হিসাবে কাজ করে। তাদের সংগঠিত অভিযান, ঝুঁকিপূর্ণ এলাকায় উপস্থিতি এবং বিশেষ নিরাপত্তা দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এপিবিএনের কার্যক্রমের ফলে অপরাধ দমন কার্যক্রমে গতি আসে এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ে।
- ট্যাগ:
- মতামত
- নেতৃত্ব
- পুলিশ বাহিনী
- সংস্কার
- জিয়াউর রহমান