দুটি ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি ব্যয় ৩৩০ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আমদানিনির্ভরতার কারণে এর প্রভাব এখন বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এ মাসে দেশে আসা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য অতিরিক্ত প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সব মিলিয়ে জ্বালানি আমদানিতে আগের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে।
সরকার বাড়তি দামে জ্বালানি কিনতে শুরু করলেও দেশে এখনো জেট ফুয়েল ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়নি। ফলে পরিবহন, শিল্প ও উৎপাদন খাতে এখনো সরাসরি বড় প্রভাব পড়েনি। জ্বালানির দাম বাড়ানো হলে পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বাড়বে। এর চাপ পড়বে পুরো অর্থনীতিতে।
যুদ্ধের আগে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মুনাফা করে আসছিল। গত অর্থবছরে সংস্থাটি প্রায় ৪ হাজার কোটি টাকা মুনাফা করেছে। যেমন প্রতি লিটার ডিজেলে ১–২ টাকা, পেট্রল ও অকটেনে ৩–৪ টাকা মুনাফা করছিল বিপিসি। দাম বাড়ার পর এখন বিপিসি প্রতি লিটার ডিজেলে ৬৮–৬৯ টাকা লোকসান দিচ্ছে বলে দাবি করছেন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে সরকার কি ভর্তুকি দেবে, নাকি ভোক্তা পর্যায়ে দাম বাড়িয়ে এই বাড়তি ব্যয় সমন্বয় করবে—সেই সিদ্ধান্ত এখনো হয়নি।
জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি করবে। একই সঙ্গে সরকারকে বাড়তি দামে খোলাবাজার থেকেও জ্বালানি কিনতে হচ্ছে।