সড়কের পাশের গাছে প্রাইভেট কারের ধাক্কা, বাবা–ছেলেসহ নিহত ৩
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তাঁরা বাবা, ছেলে ও ছেলের মেয়ে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও তিনজন।
গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার, তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া ও চার বছরের নাতনি সেহেরিশ। আহত তিনজন হলেন আবদুল মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা বেগম, পুত্রবধূ সাবরিনা জাহান ও নাতি সামিন আলমাস। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনা