ইরান যুদ্ধে ট্রাম্পের হিসাব মিলবে কি?

বিডি নিউজ ২৪ আজাদুর রহমান চন্দন প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১৩:০৯

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে একটি গ্যাংস্টার সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত করেছেন ডনাল্ড ট্রাম্প। বিশ্বটাকে আগুনের গোলায় পরিণত করতে নেমে পড়েছেন তিনি। তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানের অজুহাতে তার নির্দেশে ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা; ক্যারিবীয় অঞ্চলে সন্দেহজনক মাদকবাহী নৌযান ধ্বংস, ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এবং ইয়েমেনে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব কাণ্ডের পর চিরদোসর ইসরায়েলকে সঙ্গে নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দ্বিতীয় দফায় আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন পূর্ববর্তী সময়ের ধারাবাহিক সামরিক সাফল্য থেকে সাহস ও আত্মবিশ্বাস পায় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে আগের সামরিক অভিযানগুলোতে সাফল্য এসেছিল বেশ দ্রুত। এতে মার্কিন নাগরিকদের প্রাণহানি বা অর্থ ব্যয়ের পরিমাণও ছিল খুবই কম। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইরানের বিরুদ্ধে এবারের যৌথ আগ্রাসনে দ্রুত সাফল্য না-ও আসতে পারে।


ইরানে আগ্রাসনের শুরুতে কোনো রাখঢাক না করেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, দেশটিতে রেজিম বা শাসক পরিবর্তন করাই তার লক্ষ্য। সে কারণেই যে প্রথমেই নিশানা করা হয় ইরানের শীর্ষ নেতৃত্বকে তা সহজেই বোঝা যায়। প্রথম দিনের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুর রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। হামলায় প্রাণ হারান খামেনির মেয়ে, জামাতা ও নাতিও। ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ছিলেন একাধারে দেশের রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর প্রধান। জাতীয় পুলিশ ও মোরাল পুলিশের ওপরও তার নিয়ন্ত্রণ ছিল। ইরানের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বিপ্লবী গার্ড কোর বা বিপ্লবী রক্ষী বাহিনীও (আইআরজিসি) ছিল খামেনির নিয়ন্ত্রণে। স্বভাবতই ট্রাম্প মনে করেছিলেন, এই বুঝি ইরানে সরকারের পতন হলো। সম্ভাব্য পতন ত্বরান্বিত করতে ট্রাম্প ইরানের বিক্ষুব্ধ বিভিন্ন গোষ্ঠীকে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়তেও খোলাখুলি আহ্বান জানান। আগ্রাসনের তিনদিনের মাথায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, তাদের সৃষ্ট ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে ইরানের জনগণ। তবে তাতে খুব একটা কাজ হয়নি। ফলে এরপর ট্রাম্প কুর্দি বিদ্রোহীদের উসকানি দিতে থাকেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটিও বলা হয়, যুক্তরাষ্ট্র কিছুদিন আগে থেকেই কুর্দি বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র দিয়ে বলীয়ান করে আসছে। ট্রাম্প যে আসন্ন স্থল হামলার কথা বলছেন তাতে ওই কুর্দিরাই হতে পারে ফুট সোলজার।


তবে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে ডনাল্ড ট্রাম্পের হিসাব-নিকাশ উল্টে যাচ্ছে বলে মনে করছেন খোদ যুক্তরাষ্ট্রেরই কোনো কোনো বিশ্লেষক। তাদের মতে, ট্রাম্পের হিসাবটা এমন ছিল যে এই সামরিক অভিযান চালাতে খুব কমসংখ্যক মার্কিন নাগরিকের প্রাণহানি হবে এবং অর্থনীতিতেও সামান্যই প্রভাব পড়বে। অথচ ইরানে যুদ্ধের শুরুর দিনগুলোতেই ট্রাম্পের সেই ধারণা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। এরই মধ্যে মার্কিন সেনারা নিহত হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো হামলার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার টালমাটাল। গ্যাসের দাম বাড়ছে লাফিয়ে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রতিদিন লাখ লাখ ডলার খরচ করছে।



নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করেছে, তা শুধু এমন দ্রুত সময়ের অভিযানের মধ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যদি ইরানের শাসকগোষ্ঠী পরিবর্তন করতে চায়, তাহলে যুদ্ধটা দীর্ঘ হতে পারে। কলোরাডোর ডেমোক্র্যাট রাজনীতিবিদ এবং মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জ্যাসন ক্রো একসময় মার্কিন সেনা কর্মকর্তা হিসেবে ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছিলেন। অভিজ্ঞার আলোকে গত বুধবার তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সেই ‘অনন্ত যুদ্ধের পথে’ এগোচ্ছে, যা তিনি সরাসরি দেখেছেন। ক্রো বলেন, ‘আবারও সেই লাখো কোটি ডলার খরচ, হাজার হাজার মার্কিন নাগরিকের প্রাণহানি, কয়েক দশকের অন্তহীন সংঘাত, আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবন, শতাব্দীর এক-চতুর্থাংশ ধরে মার্কিন যুদ্ধ—এসবের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।’


ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গবেষণার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন (৩৭০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে। সেই হিসাবে দৈনিক তাদের খরচ হচ্ছে ৯০০ মিলিয়ন (৯০ কোটি) ডলার। মূলত বিপুল পরিমাণ গোলা-বিস্ফোরক ব্যবহারের কারণেই তাদের এই অর্থ ব্যয় হয়েছে। গবেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্ক বলেন, প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ব্যয় হওয়া ৩৭০ কোটি ডলারের সামান্যই তাদের বাজেটে বরাদ্দ ছিল। ৩৫০ কোটি ডলারই ছিল বাজেট বরাদ্দের বাইরে। এর অর্থ হলো বাজেটের বাইরে থাকা ব্যয় মেটাতে পেন্টাগনকে শিগগিরই অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করতে হতে পারে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে এবং যুদ্ধবিরোধী পক্ষের জন্য ‘বিরোধিতার কেন্দ্রবিন্দু’ হয়ে উঠতে পারে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সংঘাতের কারণে গ্যাসের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আরও কমে যেতে পারে। এটি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকদের মধ্যেও বিভাজন সৃষ্টি করছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহারাইন, কুয়েত, ইরাক, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরান হাজার হাজার ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কুয়েতে একটি ড্রোন হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হন। রিয়াদ ও কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো ইরানি হামলার শিকার হয়েছে। মার্কিন ঘাঁটির পাশাপাশি রাডার ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে তেহরান। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে আসে এসব হামলা ও বিস্ফোরণের খবর। খবরে বলা হয়, কুয়েত উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান। দুবাইয়ের বিলাসবহুল পাম জুমেইরাহ হোটেল ও বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হেনেছে ইরানের শাহেদ ড্রোন। সপ্তাহব্যাপী ক্রমাগত ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম আতঙ্ক সৃষ্টি করতে সমর্থ হয়েছে ইরান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও