জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে আগাম সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের সব নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কিছু আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে।
এ প্রেক্ষাপটে দেশের সব সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সচেতন নাগরিকদের জ্বালানি সাশ্রয়মূলক বিভিন্ন ব্যবস্থা অবিলম্বে গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রাকৃতিক গ্যাস সাশ্রয়ের জন্য নির্দেশনায় বলা হয়েছে, রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ের উপযোগী পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে এবং গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।