রাহুল দেববর্মনের জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল। তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর আসেনি এখনো। এবার আরও এক কিংবদন্তি সংগীতকারের বায়োপিকের কথা জানা গেল।
তৈরি হচ্ছে রাহুল দেববর্মনের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক নীরাজ পাণ্ডে। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বানিয়ে পরিচিতি পাওয়া নীরাজ পাণ্ডে এবার আর ডি বর্মনের জীবনের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে চিত্রনাট্য লেখা শেষ করেছেন তিনি।