গত বছরের নভেম্বর। পাকিস্তানের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের (সিসিডি) সশস্ত্র কর্মকর্তারা জুবাইদা বিবির বাড়িতে অভিযান চালিয়ে মুঠোফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার, এমনকি তাঁর মেয়ের বিয়ের জন্য রাখা অর্থকড়ি—সবকিছু নিয়ে যান। তাঁর ছেলেদেরও ধরে নিয়ে যান তাঁরা। ঘটনাটি ঘটে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে।
২৪ ঘণ্টার মধ্যে জুবাইদার পরিবারের পাঁচ সদস্যই মারা যান। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পুলিশের হাতে তাঁরা নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন জুবাইদার ছেলে ইমরান (২৫), ইরফান (২৩), আদনান (১৮) ও তাঁর দুই জামাতা।
পাকিস্তানের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) একটি অনুসন্ধানী দলকে জুবাইদা বলেন, ‘তারা (পুলিশ) বাহাওয়ালপুরে আমাদের বাড়িতে ঢুকে যা কিছু ছিল, সব নিয়ে গেছে।’