চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
চান্দ্র নববর্ষ উদ্যাপনকালে মাত্র কয়েকদিনের মধ্যে চীন আতশবাজি সংশ্লিষ্ট এ দ্বিতীয় বিস্ফোরণ দেখল, বলছে আল-জাজিরা।
বুধবার স্থানীয় সময় বিকালের দিকে বিস্ফোরণে হুবেইয়ের জিয়াংইয়াংয়ে ওই আতশবাজির দোকানটি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
কর্তৃপক্ষ এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
নিহতদের মধ্যে দোকানটির মালিক ছাড়াও ৫টি শিশু আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের বেশিরভাগই দোকানে আতশবাজি কিনতে গিয়েছিল। এদের মধ্যে কেউ কেউ উৎসবের এ সময়ে অন্য এলাকা থেকে জিয়াংইয়াংয়ে বেড়াতে এসেছিল।
চীনের চান্দ্র বর্ষ উদ্যাপনের নানা অনুষ্ঠানে আতশবাজি এখনও গুরুত্বপূর্ণ উপাদান। তবে এর ব্যবহারে সতর্ক থাকতে কর্তৃপক্ষ বারবার তাগাদা দিয়ে আসছে।