মাধ্যমের চেয়ে কাজকে গুরুত্ব দেন কৃতিকা
ডিজাইনিং নিয়ে পড়তে পড়তেই অভিনয়ে চলে আসেন কৃতিকা কামরা। তাঁর বয়স তখন মাত্র ১৮। দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির বাইরে এক ট্যালেন্ট স্কাউটের চোখে পড়ে যান তিনি। ‘সেখানে মাত্র একটাই সেমিস্টার পড়েছিলাম। সেখানকার পাট চুকিয়ে পাকাপাকি অভিনয়ের দিকে পা বাড়াই,’ হেসে বলেন কৃতিকা। অনুষা রিজভির ‘দ্য গ্রেট শামসুদ্দিন ফ্যামিলি’তে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়। জিওহটস্টারে মুক্তি পাওয়া ছবিতে তিনি বনি আহমেদের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে এক সাক্ষাৎকারে নতুন এ ছবি ছাড়াও নানা বিষয়ে কথা বলেন কৃতিকা।
উচ্চমধ্যবিত্ত এক মুসলিম পরিবারের দুই প্রজন্মকে ঘিরে নির্মিত ‘দ্য গ্রেট শামসুদ্দিন ফ্যামিলি’ ছবিতে উঠে এসেছে পারিবারিক কোলাহলের মধ্যে নিজের জায়গা খুঁজে নেওয়ার গল্প। বনি আহমেদের চরিত্রে সুযোগ পাওয়া সহজ ছিল না, জানান কৃতিকা। তিনি বলেন, ‘আমার মতো একজন অভিনেত্রীর জন্য কেন্দ্রীয় চরিত্র পাওয়া কঠিন। সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিংয়ের পেছনে অনেক হিসাব থাকে। তার ওপর নারীকেন্দ্রিক গল্প এমনিতেই কম লেখা হয়।’ অভিনেত্রী জানান, ছবির কিছু অংশ নিজে ভিডিও করে অডিশন দিয়েছিলেন। ‘সেই ভিডিও অনুষা রিজভিকে পাঠানো হয়, আর আমি কাজটা পাই। এখনো যে অডিশনের প্রক্রিয়ায় বিশ্বাস রাখা হয়, এটা জেনে খুব ভালো লেগেছিল,’ বলেন কৃতিকা।