শেষের ঝড়ে জ্যাকসের ‘প্রথম’
ইংল্যান্ডের ইনিংসের শেষ বলে ছক্কাটা যদি না হতো! নেপালের সমর্থকরা এমন আক্ষেপ করতেই পারে। রান তাড়ায় নেপাল হেরে গেছে যে স্রেফ ৪ রানে। ওই ছক্কা শুধু নয়, শেষ ওভারে আরও দুটি ছক্কা মারেন উইল জ্যাকস। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর, বোলিংয়ে প্রথম ওভারে উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের নায়ক তিনিই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের প্রথম ম্যাচে রোববার মুম্বাইয়ে ইংল্যান্ডের ১৮৪ রানের জবাবে নেপাল করে ১৮০।
জ্যাকব বেথেল (৩৫ বলে ৫৫) ও হ্যারি ব্রুকের (৩২ বলে ৫৩) পঞ্চাশোর্ধ ইনিংসে ১৯ ওভার শেষেও ইংল্যান্ডের রান ছিল ১৬৩। শেষ ওভারে তারা তোলে ২১ রান, সবগুলো রানই আসে জ্যাকসের ব্যাট থেকে।
ষোড়শ ওভারে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে চারটি ছক্কা ও একটি চারে ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। এই অফ স্পিনিং অলরাউন্ডার পরে বোলিংয়ে ২ ওভারে ১৭ রানে নেন একটি উইকেট।
ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতে। ইংল্যান্ডের হয়ে ৩৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম সেরার স্বীকৃতি পেলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।
নেপালের রান তাড়ায় পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে পান জ্যাকস। ওয়াইড দিয়ে শুরুর পর দ্বিতীয় বলে উইকেটের দেখা পান তিনি। ফিরতি ক্যাচে বিদায় করেন কুশাল ভুর্তেলকে (১৭ বলে ২৯)।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ