আমরা হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: মির্জা ফখরুল

প্রথম আলো ঠাকুরগাঁও সদর প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণভোটের মধ্যে কী সংস্কার আছে, বেশির ভাগ লোকই বুঝে না। এটা আমার ওপর চাপায় দিচ্ছে। যাহোক, তারপরও ভালো জিনিসটা আমরা নিতে চাই। আমরা হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হ্যাঁ-তে ভোট দিব।’


ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভাঙ্গরাই এলাকায় আজ রোববার দুপুরে নির্বাচনী সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির এই প্রার্থী ইউনিয়নের গোলিববুবুর হাটে নির্বাচনী সভায় বক্তব্য দেন।


মির্জা ফখরুল বলেন, ‘চব্বিশের জুলাই ওটাকেও আমরা ধারণ করি। ওটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।’ উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শুনেছেন তো, এবার নাকি দুইটা ব্যালট দিবে? একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। গণভোটের মধ্যে কী সংস্কার আছে বেশির ভাগ লোকই বুঝে না। এটা আমার ওপর চাপায় দিচ্ছে। যাহোক, তারপরও ভালো জিনিসটা আমরা নিতে চাই। আমরা হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা হ্যাঁতে ভোট দিব। আর কিসে ভোট দিব, ধানের শীষে।’


সনাতনধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘সনাতনী ভাইবোনদের জন্য বলতে চাই, আপনারা কখনো নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আপনার বাংলাদেশ নাগরিক। আপনাদের সমান অধিকার আছে। যে অধিকার আমার আছে, আপনারও সেই অধিকার আছে। ১৯৭১ সালে যখন যুদ্ধ করি, তখন কি আমরা আলাদা আলাদা যুদ্ধ করেছিলাম? একসাথে স্বাধীন করেছিলাম, তাই না, স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপস নাই। যারা আমাদের ভাগ করার চেষ্টা করে, তাদের আমরা প্রতিরোধ করব।’


এর আগে ওই ইউনিয়নের গোলিববুবুর হাটে নির্বাচনী সভায় মির্জা ফখরুল বলেন, ‘যাঁরা সংস্কার চান তাঁরা বলবেন হ্যাঁ, আর যাঁরা সংস্কার চান না, তাঁরা বলবেন না।’ সংস্কার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘যখন আমাদের ঘরের দরজাটা জং ধরে যায়, তখন দরজাটা ঠিক করার জন্য আমরা ওটাকে সিরিশ কাগজ দিয়ে ঘষে, অথবা ভেঙে গেলে কাঠ দিয়ে  ঠিকঠাক করি না? আমরা ওটাকে বলি সংস্কার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও