শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখতে পারছে না’ পিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান না খেললে আইসিসির পাশাপাশি বড় আর্থিক ক্ষতি হবে শ্রীলঙ্কারও। ম্যাচটি যে হওয়ার কথা কলম্বোয়। সেসব উল্লেখ করে ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে লঙ্কান বোর্ড। কিন্তু সিদ্ধান্তটি সরকারের হওয়ায় শ্রীলঙ্কার অনুরোধ রাখতে পারছে না পিসিবি।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র। বোর্ডের হাতে এখন কিছুই নেই বলে জানিয়েছে পিসিবির ওই সূত্র।
“হ্যাঁ, আমরা চিঠিটি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।”
বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু ম্যাচটিতে পাকিস্তান দল মাঠে নামবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।
বৈশ্বিক আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি না হলে যে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি, তা নিশ্চিত করেই বলা যায়। সঙ্গে সহ-আয়োজক শ্রীলঙ্কাও হবে ক্ষতিগ্রস্ত। তাই পিসিবিকে একটি চিঠি পাঠিয়ে সিদ্ধান্তটি নিয়ে নতুন করে ভাবার অনুরোধ জানায় এসএলসি।