বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না : শফিকুর রহমান
সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘কোনো পরিস্থিতি হলেই যাঁরা মুসলমান নন, তাঁরা ভয়ের সংস্কৃতিতে থাকবেন কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই আমরা চলব। এই বাংলাদেশে যাঁরা মাইনোরিটি অধিকার নিয়ে বেশি হাল্লাচিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতালপল্লিতে (গাইবান্দার সাহেবগঞ্জ) কী করেছে, আপনারা কি দেখেননি? তাঁরা কি আমাদের ভাইবোন নন? তাঁরা কি এ দেশের নাগরিক নন? আমরা তাঁদের কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব। আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব।’
নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ‘মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা—এ দুটি জিনিস নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে। এ অবস্থা দেখে অনেকে বেসামাল। ভাই, মাঘ মাসে মাথা গরম করবেন, চৈত্র মাস সামনে! এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন! মাথা ঠান্ডা রাখেন। মানুষ কী ভাবছে, কান পেতে শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোটটা আগামী দিনে হবে ইনশা আল্লাহ ইনসাফের প্রতীক।’