ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির যাচ্ছে ৬ হাজার কোটি
খবরটা এসেছিল গত বছর ১৬ ডিসেম্বর। আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এত দামে বিক্রি হননি। শুনে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু বদহজম হতেও বেশি দিন লাগল না। ভারতে উগ্রপন্থীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ৩ জানুয়ারি মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। তার পর থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে, তাকে আর যা–ই হোক ক্রিকেট বলা যায় না। অ্যাকশন ঘরানার সিনেমা বলতে পারেন, যেখানে পক্ষ–বিপক্ষ, বিরোধিতা, অ্যাকশন ও পাল্টা অ্যাকশন থাকলেও শুধু ক্রিকেটটাই অনুপস্থিত। যদিও গল্প–গুজবের খাতিরে ক্রিকেটের শীর্ষমহল থেকে চায়ের দোকানেও বলা হয়, মাঠের খেলাটাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ!
কিন্তু দিনকে দিন ক্রিকেট নিয়ে মাঠের বাইরের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর তাতে ক্রমাগত আহত হচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। আসল ক্ষতিটাও তাদেরই এবং এই খেলারও। খেলার স্বাদ নিতে গিয়ে যদি রাজনীতির স্বাদ নিতে হয় তাহলে খেলার প্রতি টানটাই–বা কত দিন থাকে! বনফুলের ‘পাঠকের মৃত্যু’ গল্পের মতো এভাবে ধীরে ধীরে কি ‘ক্রিকেটপ্রেমীর মৃত্যু’ও ঘটে, কে জানে!
ওদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের বাইরে নামা দলগুলো কেউ এখনো প্রতিপক্ষের জালে ‘গোল’ করতে পারেনি। পূর্বতন রাজনৈতিক বিরোধ, নব্য–বিরোধ কিংবা আত্মসম্মানের সূত্র ধরে টি–টুয়েন্টি বিশ্বকাপে যা কিছু হচ্ছে, তাতে সব কটি ‘গোল’ই কিন্তু আত্মঘাতী।