You have reached your daily news limit

Please log in to continue


লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ডে ব্রুইনে

বড় এক ধাক্কা খেল নাপোলি। ডান ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দলটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।

সেরি আয় গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ওই চোট পান ডে ব্রুইনে। একটু পরই মাঠ ছাড়েন তিনি। ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে ফেরে শিরোপাধারী নাপোলি।

৩৪ বছর বয়সী ডে ব্রুইনেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। স্ক্যানে তার গুরুতর চোট ধরা পড়ার কথা সোমবার এক বিবৃতিতে জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

কতদিন তাকে বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে অভিজ্ঞ মিডফিল্ডারকে।

ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের অধ্যায়ের ইতি টেনে গত গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে নাম লেখান ডে ব্রুইনে। নতুন ঠিকানায় অভিষেক ম্যাচে চোখধাঁধানো ফ্রি-কিকে গোল করেন তিনি।

সেরি আয় আট ম্যাচে তিনি গোল করেছেন চারটি। চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন তিন ম্যাচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন