কোনো বল না খেলেই লাঞ্চে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
বৃষ্টির বাগড়ায় খেলা তো দূরে থাক। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের টসও হতে পারেনি। বৈরি আবহাওয়ায় প্রথম দিনের প্রথম সেশন শেষ হয়েছে তাই কোনো বল না খেলেই।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। সে হিসেবে টস হওয়ার কথা দেড়টায়। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় টস করা সম্ভব হয়নি। সাধারণত বিকেল ৪টায় লাঞ্চ হওয়ার কথা থাকলেও বাজে আবহাওয়ার কারণে ৩০ মিনিট আগেই শেষ হয়েছে প্রথম সেশনের খেলা।
সকাল থেকেই সেঞ্চুরিয়নে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি থেমে আকাশে রৌদ্র দেখা গেছে ঠিকই। কিন্তু সেটা সাময়িক সময়ের জন্যই। হঠাৎ ফিরে আসছে বৃষ্টি। ভেজা আউটফিল্ড ঠিক করার মতো অবস্থাও নেই। তাই কোনো বল না হয়েই লাঞ্চ ঘোষণা করা হয়েছে।