মালিতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২২
দক্ষিণ মালিতে একটি মিনিবাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২১ জন। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি।সকাল ৯টার দিকে পশ্চিম আফ্রিকান দেশটির কানগাবা শহরের সঙ্গে বানকৌমানার সংযোগ স্থাপনকারী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান ১৯ জন। এছাড়া আহতদের মধ্যে সাতজনের অবস্থা সংকটজনক। আহতদের বামাকোয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। মূলত বেপরোয়া গতি ও সড়কের নিয়ম না মানার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুই কোটি বাসিন্দার মালিতে সড়কপথই যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। দেশটির সড়ক দুর্ঘটনাও খুবই নিয়মিত বিষয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- আহত
- ট্রাক-মিনিবাস সংঘর্ষ