দীর্ঘদিনের আড়াল ভেঙে গেল ঈদে অভিনয়ে ফেরেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখ। সে সময় তাকে দেখা যায় দুটি নাটকে। ঈদের আগে শেখ সেলিমের ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় পর এ নাটকের মধ্য দিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর একই নির্মাতার ‘অহংকার’ শিরোনামের আরো একটি নাটকে অভিনয় করেন শখ। দুটি নাটকই গেল ঈদে আরটিভিতে প্রচার হয়। নাটক দুটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। শখের ফিরে আসাকেও দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। সে সময় শুটিংয়ে ফিরে শখ জানিয়েছিলেন, অনেকদিন পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে অভিনয়ে সময়ে দিতে পারেনি। ঈদের পর থেকে নিয়মিত অভিনয় করার কথাও জানান তিনি। কিন্তু ঈদের পর আবারো পুরনো পথে পা বাড়িয়েছেন এ অভিনেত্রী। নিজেকে আড়াল করে ফেলেছেন। কোনো নাটক-টেলিছবিতে দেখা যাচ্ছে না তাকে। কোনো নির্মাতা কিংবা সহকর্মীর সঙ্গে শখের যোগাযোগ নেই বলেও খোঁজ নিয়ে জানা গেছে। অনেকেরই তাই জিজ্ঞাসা, কেন আবার শখের এই আড়াল হয়ে যাওয়া? এ প্রশ্নের জবাব অনুসন্ধানে জানা যায়, শখ আর শোবিজে কাজ করতে আগ্রহী নন বলেই সবার কাছ থেকে আবার দূরে সরে গেছেন। শখের মুঠোফোনটিও অনেক দিন ধরে প্রায়ই বন্ধ থাকে। কখনো সেটি খোলা পাওয়া গেলেও তিনি কল রিসিভ করেন না। প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আসেন শখ। শুরুতেই সবার নজর কাড়েন। এরপর অভিনয়ে এসেও প্রশংসিত হন। মডেলিং এবং অভিনয়- দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা নিয়ে কাজ করতে থাকেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৬ সালে মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেন তিনি। তবে অল্প দিনের ব্যবধানে সেই বিয়ে ভেঙে যায়। ঘনিষ্ঠজনরা বলেন, সংসার ভাঙার পর থেকেই শখের জীবনে ছন্দপতন ঘটে। তিনি বিভিন্ন নাটকে কাজ করার ক্ষেত্রে একাধিকবার শুটিং শিডিউল ফাঁসানোর ঘটনা ঘটান। এ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও খুব স্বাচ্ছন্দ্যে ছিলেন না এ অভিনেত্রী। কিন্তু তার দারুণ জনপ্রিয়তার কারণে এতকিছুর পরও তাকে নিয়ে কাজ করার চেষ্টা করে যান নির্মাতারা। তার শুভাকাঙ্ক্ষীরাও চাইছেন, আবার নতুন উদ্যমে কাজ শুরু করুক শখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.