ছবি সংগৃহীত
টি-টোয়েন্টিতে মাশরাফির সেরা পাঁচ বোলিং
আপডেট: ০৭ এপ্রিল ২০১৭, ০৬:৪৭
বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কান ব্যাটসম্যানকে আউট করার সুযোগ হারানোর পর। যদিও ম্যাচ জিতেছিলেন মাশরাফিই ।ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) বিদায়ের পর ধুলোজমা পুরনো ইতিহাসগুলো ফিরে আসে বারবার। বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক মাশরাফি বিন মুর্তজা যখন টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় দিলেন, ঘুরেফিরে ওই ফরম্যাটে তার সফল্যগুলোকে আরও একবার খুঁজে ফিরতে হয়। উইকেট নয়, রান খরচে কৃপণতা এখানেও এগিয়ে রেখেছে একদিন আগে 'সাবেক' হয়ে যাওয়া অধিনায়ককে।
২০ ওভারের ম্যাচে বল হাতে কেমন ছিলো মাশরাফির ভ্রমণটা? উত্তর দিচ্ছে পরিসংখ্যান। চার-ছক্কার ভিড়ে যখন হারিয়ে যায় পেসার-স্পিনার সবাই, মাশরাফি বারবারই নিজের লাইন-লেন্থ ঠিক রেখে ‘টাইট’ বোলিংয়ে নজর দিয়ে গেছেন। ৫৪ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে ক্যারিয়ার সেরা পাঁচটি বোলিং ফিগার নিয়েই এবারের আয়োজন।
১৯/৪
টি-টোয়েন্টি ফরম্যাটে মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে একাই ধসিয়ে দিয়েছিলেন আইরিশ ব্যাটিং লাইনআপ। শুরুটা করেছিলেন ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডকে দিয়ে। এরপর ও’ব্রায়ান ভাইদেরকে ফিরিয়ে উইকেটের তালিকাটা আরও বড় করেন। শেষ উইকেটটা নিয়েছিলেন অ্যান্ড্রু পয়েন্টারকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে। আর এই চার উইকেত নিতে খরচ করেছিলেন মাত্র ১৯ রান। ওই ম্যাচে দুই উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ।
১২/২
মাশরাফির সেরা পাঁচ টি-টোয়েন্টি বোলিংয়ের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ। বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেল বছর এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আমিরাতের বিপক্ষে দুটি উইকেট নেন মাশরাফি। এর জন্য ৩ ওভার বল করে খরচ করেছিলেন মাত্র ১২ রান। ওই ম্যাচে মাশরাফির নেতৃত্বে ৫১ রানের জয় তুলে নেয় সাকিব-মুশফিকরা।
২০/২
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরেই ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন মাশরাফি। ফিরিয়েছিলেন দলের অন্যতম সেরা দুই ক্রিকেটার সিকান্দার রাজা ও এল্টন চিগাম্বুরাকে। ওই ম্যাচেও জিতে নেয় বাংলাদেশ, চার উইকেটে। অধিনায়ক ছিলেন মাশরাফি।
২২/২
নিঃসন্দেহে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম বাজে ম্যাচ ছিলো স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে হারের ম্যাচটি। মুশফিকুর রহিমের নেতৃত্বে স্পোর্টপার্ক ওয়েস্টেভলিয়েটের ওই ম্যাচে অবশ্য মাশরাফি দারুণ বল করেছিলেন। কোটার চার ওভার বল করে খরচ করেছিলেন ২২ রান। নিয়েছিলেন দুই উইকেট।
২২/২
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর একই ভেন্যুতে ঝড় তুলে জয় পেয়েছিলো বাংলাদেশ। মূলত সিরিজটা ছিলো বাংলাদেশ-নেদারল্যান্ডস-স্কটল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ওই ম্যাচেও চার ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন মাশরাফি। শুধু তাই নয়, একটি মেইডেনও ছিলো। সেবার বাংলাদেশ জিতেছিলো আট উইকেটের বিশাল ব্যবধানে।