গত ১২ সেপ্টেম্বর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্যান্ডার থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ২৩ তম ইগ নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর উদ্দেশ্য হলো প্রথমে মানুষকে হাসানো ও পরে চিন্তা করতে উদ্বুদ্ধ করা। আর এর মাধ্যমেই বিজ্ঞানকে সম্মান জানানো।
(১)গরুটি কখন দাঁড়াবে, কখনই বা বসবে?-সম্ভাব্যতা পুরস্কার
বার্ট টকাম্প, মেরি হাস্কেল,ফ্রিথা ল্যাংফোর্ড, ডেভিড রবার্ট, কলিন মরগ্যান. এর দল গরুদের নিয়ে এক গবেষণার জন্য ইগ নোবেল পান। তারা আবিষ্কার করেন, একটি গরু যতক্ষণ শুয়ে থাকে ঠিক ততক্ষণই আবার দাঁড়িয়ে থাকে। আবার অনেক ক্ষণ বিশ্রাম নেবার পর গরুটি আবার কত সময় পর বিশ্রাম নিবে সেটা কখনোই বলা যায় না।
(২) হাতে তালি দেয়া বন্ধ করুন- শান্তি পুরস্কার
এবারের ইগ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি জনবহুল রাস্তায় হাত-তালি দেয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তার আদেশ পালন করতে গিয়ে বেলারুশ পুলিশ একজন এক হাত বিশিষ্ট ব্যক্তিকে জনবহুল রাস্তায় হাত তালি দেবার অপরাধে গ্রেপ্তার করে। তারাও প্রেসিডেন্টের সাথে যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়।
(৩)হাঁস থেকে সাবধান-জনস্বাস্থ্য পুরস্কার
থাইল্যান্ডের সিয়াম নামক এলাকাতে হঠাৎ করেই পুরুষের জননাঙ্গ কেটে ফেলার হিড়িক পড়ে যায়। ফলে এসব ব্যক্তিদের প্রাণের সংশয় দেখা দেয়। এজন্য থাইল্যান্ডের একটি গবেষণা দল "Surgical Management of an Epidemic of Penile Amputations in Siam." নামে এক গবেষণাপত্র বলেন, তাদের উদ্ভাবিত এই উপায় রোগীদের বাঁচানোর ক্ষেত্রে তখনই কাজ করবে, যদি না কোন হাঁস পুরুষাঙ্গের কিয়দাংশ খেয়ে ফেলে। অর্থাৎ হাসের আক্রমণের ক্ষেত্রে কিছু করার নেই! এই গবেষণাটি এবার জনস্বাস্থ্য বিভাগে ইগ নোবেল পেয়েছে।
(৪) ইঁদুর জাতীয় প্রাণী নিয়ে পরীক্ষা-প্রত্নতত্ত্ব পুরস্কার
Mad Science এর ব্রায়ান ক্যান্ডল ও পিটার স্টাহল প্রথমে একটি শ্রিউ(ইদুর জাতীয় প্রাণী)কে অর্ধ সিদ্ধ করেন। তারপর সেটিকে না চিবিয়েই গিলে ফেলেন। এটার উদ্দেশ্য ছিল, শ্রিউয়ের হাড় গুলোর মধ্যে কোন গুলো মানুষের পেটে পরিপাক হয়, আর কোনগুলো হয় না সেটা পর্যবেক্ষণ করা। আর এটা হতে কতদিন লাগে সেটি জানা।
(৫)গুবরে পোকা ও ছায়াপথ- জীববিজ্ঞান ও মহাশূন্য পুরস্কার
লুন্দ বিশ্ববিদ্যালয়ের মেরি ড্যাকি ও তার সহকর্মীরা আবিষ্কার করেন যে, গুবরে পোকা যদি পথ হারিয়ে ফেলে তবে তারা আকাশের ছায়াপথ দেখে আবার সঠিক পথে ফিরে আসে। প্রথমে গুবরে পোকা গোবরের তৈরি বল তৈরি করে। এরপর সেই বলের উপর উঠে নাচতে শুরু করে। এর ফলে তারা আকাশের দিকে তাকাতে সক্ষম হয় এবং ছায়াপথের অবস্থান দেখে নিজেদের দিক ঠিক করে নেয়।
(৬) বিমান ছিনতাইকারীকে প্রতিরোধ করুন- নিরাপদ প্রকৌশল পুরস্কার
১৯৭২ সালের মে মাসে গুস্তানো পিজ্জো [এখন প্রয়াত] বিমান ছিনতাইকারীদের প্রতিরোধে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেন। তিনি বিমান ছিনতাইকারীদের ধরার করার জন্য একটা তড়িৎ-চৌম্বক ব্যবস্থা আবিষ্কার করেছেন যেখানে ছিনতাইকারীকে ধরে একটা ক্যাপসুলে ভরা হবে। এরপর একটা বিশেষ দরজা (trap door) দিয়ে প্যারসুটে নামিয়ে দেয়া হবে এমন যায়গায় যেখানে আগে থেকে খবর দিয়ে রাখা পুলিশ অপেক্ষা করবে।
(৭)পানির উপর দিয়ে হাঁটা-পদার্থবিজ্ঞান পুরস্কার
একদল গবেষক আবিষ্কার করেছেন, পানির উপর দিয়ে একজন মানুষ তখনোই হেঁটে যেতে পারবে যখন সেই মানুষ ও জলাশয় দুটিই চাঁদে থাকবে!
(৮) পেঁয়াজের ঝাঁঝ সহজ ব্যপার নয়-রসায়ন পুরস্কার
জাপান ও জার্মানির একদল গবেষক আবিষ্কার করেছেন পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসার কারণ হিসেবে আমরা এতদিন যা জানতাম, আসল কারণটা আরো অনেক বেশি জটিল।
(৯) অপেরা শোনা হার্টের জন্য ভালো-চিকিৎসা বিজ্ঞান পুরস্কার
সদ্য হার্ট প্রতিস্থাপন করা হয়েছে এরকম কারো উপর অপেরা সঙ্গীত কি ধরণের প্রভাব ফেলে তা নিয়েই এক গবেষণাপত্র ২০১২ সালে Cardiothoracic Surgery জার্নালে প্রকাশিত হয়। আর যাদের উপর এই গবেষণা পরিচালিত হয় তারা সবাই কিন্তু ইঁদুর!
(১০)তারা কিন্তু তাদের নিজেদের চোখে সুন্দর!- মনোবিজ্ঞান পুরস্কার
একদল আন্তর্জাতিক মনোবিজ্ঞানী মদ্যপান ও পানকারী ব্যক্তিদের নিজেদের দৈহিক সৌন্দর্যের ব্যপারে উচ্চ ধারণা পোষণ করার মাঝে উদ্ভট এক সম্পর্ক খুঁজে বের করেছেন। গবেষণায় দেখা যায়, যেসব মানুষ মদ খেয়ে নিজেদের মাতাল ভাবতে শুরু করেন, তারা একই সাথে নিজেদেরকে অনেক সুন্দর বলেও কল্পনা করতে শুরু করেন। ২০১২ সালে British Journal of Psychology.তে এই গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। এটি এবারে মনোবিজ্ঞান শাখায় ইগ নোবেল জিতে নেয়।