ছবি সংগৃহীত

পৃথিবীর সর্বোত্তম কথা কোনটি?

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৭:১২
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৭:১২

পবিত্র কোরানে ইরশাদ হয়েছে, পরম দয়ালু [আল্লাহ] কোরান শিক্ষা দিয়েছেন। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে কথা বা ভাষা শিখিয়েছেন। [সুরা রহমান : ১-৪]। ভাষা পরম করুণাময় আল্লাহ তায়ালার সেরা দান। মানুষের বাকশক্তি এমন একটি বিশিষ্ট নিয়ামত, যা মানুষকে জীবজন্তু ও পৃথিবীর অন্যান্য সৃষ্টি থেকে পৃথক করে রেখেছে। আল্লাহ যে বাকশক্তি দান করেছেন এটি শুধু বাকশক্তিই নয় বরং এর পেছনে জ্ঞান ও বুদ্ধি, ধারণা ও অনুভূতি, বিবেক ও সংকল্প এবং অন্যান্য মানসিক শক্তি কার্যকর থাকে। ভাষা বা কথা দুই প্রকার। এক. পবিত্র বা ভালো কথা। দুই. খারাপ কথা। আল্লাহ বলেন, তুমি কি দেখছ না, আল্লাহ কলেমা তাইয়েবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ, যার শিকড় মাটির গভীরে প্রোথিত এবং শাখা-প্রশাখা আকাশে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে নিজের রবের হুকুমে সে ফলদান করে। এ উপমা আল্লাহ এ জন্য দেন, যাতে লোকেরা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে। অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে, একটি মন্দ গাছ, যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়িত্ব নেই। [সুরা ইবরাহিম : ২৪-২৬] ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সর্বোত্তম কথা হলো কালিমাতুত তাইয়্যেবা তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা বলা। রাসুল [সা.] বলেছেন, মুসলিম সে, যার ভাষা ও কর্ম থেকে মুসলমানেরা নিরাপদ থাকে। [সহিহ বোখারি]। রাসুল [সা.] আরো বলেছেন, ভাষার ফসলই মানুষকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবে। [তিরমিজি]। এ ছাড়াও কোরানের বহু আয়াত ও হাদিসে মন্দ কথা উচ্চারণ করতে নিষেধ করা হয়েছে। প্রকৃতপক্ষে যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান রাখেন, মন্দ কথা থেকে বিরত থাকা তাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তায়ালা নবিজিকে সম্মোধন করেন বলেছেন, হে মোহাম্মদ, আমার বান্দাদের বলো, তারা যেন মুখ হতে সে সব কথাই বের করে যা অতি উত্তম। আসলে শয়তানই মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে থাকে। প্রকৃত কথা হলো, শয়তান মানুষের প্রকাশ্য শত্র“। [বনি ইসরাইল : ৫৩] সুতরাং ভাষার মাসে আহ্বান রইল, সুন্দর ও ভালো কথা বলুন। মিথ্যা, অসৎ ও খারাপ কথা এবং কাজ থেকে বিরত থাকুন। সুন্দর ও ভালো কথা ঐক্যে সুদৃঢ় করে। সুন্দর করে কথা বলা মানুষের শ্রেষ্ঠ একটি গুণ। আর এটি আল্লাহর দান। রাসুল [সা.] বলেছেন, তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা একটি দান। পক্ষান্তরে খারাপ, মিথ্যা ও অসৎ কথা শয়তানের কাজ। মাওলানা মিরাজ রহমান