ছবি সংগৃহীত
পথের ধারের আখের রস কেন নিরাপদ নয় আপনার জন্য?
আপডেট: ০৩ মে ২০১৪, ০২:১২
(প্রিয়.কম) যানজটে আটকে থাকা বাসের ভেতরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে নেমে গেলেন রাস্তায়। গরমে অতিষ্ট হয়ে উঠছে শরীর। তাই কতক্ষণ আর থমকে থাকা বাসে বসে থাকা যায়। এবার হেঁটেই যাচ্ছেন গন্তব্য। এদিকে মাথার উপর প্রখর রোদ। রোদের তাপে শরীর থেকে দরদর করে ঝরছে ঘাম। গাছের ছায়ায় একটু জিরিয়ে নেওয়ার সুযোগ নেই পথে। ইট-পাথরের এই শহরের রাস্তায় তো গাছই নেই! তৃষ্ণায় ফেটে যাচ্ছে গলা। হাঁটতে হাঁটতেই পথের পাশে আখের রসের একটা রিকশাভ্যান পাওয়া গেল। আখ ছেঁচে রস বের করে বিক্রি করছে বিক্রেতা। গরম থেকে একটু তৃপ্তি পেতে অনেকেই ভিড় করছে সেখানে। আপনিও এগিয়ে গেলেন গলা ভেজাতে, তৃষ্ণা মেটাতে। এক গ্লাস ঠাণ্ডা আখের রস খেয়ে যেন ভেতরটা কিছু হলেও শীতল একটা খবর জানান দিল। কিন্তু একবার ভেবে দেখছেন কী, এই রসের কারণে আপনার ভেতরে রোগবালাই বাসা বাঁধতে পারে। একটু খেয়াল করলেই দেখা যাবে, ভ্যানের উপর রাখা মিষ্টি আখে মাছি ভনভন করছে। ফুটপাতে ময়লা ও মানুষের বর্জ্যে যে মাছিগুলো বিশ্রাম নেয়! সেগুলোই বিশ্রাম শেষে আখের গাদায় স্বাদ নিতে চলে আসছে। কিন্তু এসব চোখেই পড়ছে না কারো। আখগুলো প্রথমে মাটির উপরেই পরিষ্কার করা হচ্ছে। এরপর সেগুলো ছেলা হচ্ছে সেখানেই। তারপর যে পানি দিয়ে আখ ভিজিয়ে রাখে দীর্ঘক্ষণ, সেই পানির বিশুদ্ধতার কোনো নিশ্চয়তা নেই। আবার বেশিরভাগ সময়েই পানি সরবরাহের সুবিধা থাকে না। তাই ছোট বালতিতে থাকা সামান্য পানি দিয়েই সবার খাওয়া গ্লাসটা ধুয়ে আখের রস খেতে দেয় খদ্দেরদের।
