ছবি সংগৃহীত
দ্বিতীয় ছবিতে আয়েশা সালমা মুক্তি
আপডেট: ৩০ জানুয়ারি ২০১৩, ১২:০৩
অবশেষে মুক্তি পাচ্ছে আয়েশা সালমা মুক্তির দ্বিতীয় চলচ্চিত্র। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান ও মুক্তি জুটির প্রথম চলচ্চিত্র ‘জোর করে ভালোবাসা হয় না’। তুষার কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিতে আরও অভিনয় করেছেন সাহারা, শাহিদ খান, মিশা সওদাগর। ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবির গল্প গড়ে উঠেছে শাকিব খান ও মুক্তির প্রেম সম্পর্ককে কেন্দ্র করে। দুজন দুজনকে ভালবাসে। অন্যদিকে মুক্তিকে ভালবাসে শাহিদ খান। গল্প এ ধরনের জটিলতায় এগিয়ে গেলে শাকিব খানের সামনে এসে উপস্থিত হয় সাহারা। গল্প মোড় নেয় অন্যদিকে। এই চলচ্চিত্রে অভিনয় প্রসংগে অভিনেত্রী মুক্তি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম শোভা। খুব ভাল লেগেছে এ ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে। সেই সঙ্গে শাকিব খান আর আমার জুটি দর্শক গ্রহণ করবে বলেও আমি আশাবাদী। আমি কৃতজ্ঞ পরিচালক, প্রযোজক এবং শাকিব খানের কাছে। ৪৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে ছবির পরিবেশনা সংস্থা সূত্রে জানা গেছে। সালাউদ্দিন লাভলুর জনপ্রিয় নাটক ‘রঙের মানুষ’-এর মাধ্যমে আলোচিত হওয়া ফটোসুন্দরী আয়েশা সালমা মুক্তি অভিনীত প্রথম ছবি ‘তুমি আছো হৃদয়ে’।
- ট্যাগ:
- বিনোদন